সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম; 

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের জেলা পরিষদ রেস্টহাউস প্রাঙ্গণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার চারটি ইউনিয়নের ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সোহেল রানা।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। এ সময় উপস্থিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কপিল উদ্দিন, আলীকদম উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সুরত আলম, সদস্যসচিব আফসার উদ্দিন ছোটন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারসহ কয়েকশ মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রমও বাস্তবায়ন করা হবে।