সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ;
বান্দরবানের আলীকদম উপজেলায় পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের আলীকদম উপজেলা শাখার উদ্যোগে তিন মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর ২০ জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারী অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বসুন্ধরা শুভসংঘ কমিটির উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ-এর লামা-আলীকদম প্রতিনিধি মো. তানভিজুর রহমান, লামা উপজেলা কমিটির উপদেষ্টা ও দ্য ডেইলি সান-এর জেলা প্রতিনিধি মো. সাহাব উদ্দিন, বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা নুরুছাফা ভূঁইয়া বাবু এবং আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা। এছাড়াও বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. আয়াউতুল্লাহ, মো. আরাফাত ইসলামসহ সংগঠনের ২০-৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রশিক্ষণার্থীরা এ প্রশিক্ষণ যথাযথভাবে কাজে লাগাতে পারলে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজ পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
প্রশিক্ষণার্থী জান্নাতুল মাওয়া তিশা, উপাইনু মার্মা ও শ্যামলী তঞ্চঙ্গ্যা বলেন, প্রশিক্ষণ শেষে যদি প্রত্যেকে একটি করে সেলাই মেশিন পান, তাহলে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
