আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অনুষ্ঠিত ‘সম্প্রীতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ এ ফাইনালে নুরু কিং ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে ডিভাইন্ড একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাইশারী ইউনিয়নের আলিমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে সমবেত হন। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও করতালিতে পুরো মাঠ উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।

ম্যাচের প্রথমার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে নুরু কিং ফুটবল একাদশ আরও আক্রমণাত্মক খেলায় মনোযোগী হয়ে দৃষ্টিনন্দন একটি গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এবং নুরু কিং ফুটবল একাদশকে শিরোপা এনে দেয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, “বর্তমান যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, “গ্রামাঞ্চলে নিয়মিত খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা গেলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির নেতা জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন নাইক্ষ্যংছড়ি সরকারি চাকরিজীবী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্যবিষয়ক সম্পাদক ও সাংবাদিক আবদুর রশিদ, বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ছব্বির আহমেদ কোম্পানি এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

টুর্নামেন্টের আয়োজক সিএইচটি সম্প্রীতি জোট। সংগঠনটির পরিচালক ইঞ্জিনিয়ার থোয়াইচিমং চাক জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী আবদুর রহিম বলেন, “এ ধরনের আয়োজন এলাকার যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”