জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে মদসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইজিবাইকে তল্লাশি চালিয়ে মদসহ চার মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪৪০ টাকা জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।