সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;

বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতির পর আজ (১৬ জুলাই) থেকে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে বৃহস্পতিবার থেকে পর্যটনকেন্দ্রগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলবে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

জেলা প্রশাসক বলেন, বান্দরবানের বিপুলসংখ্যক মানুষের জীবিকা পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সবাই সম্মিলিতভাবে কাজ করছেন এবং এ ধরনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেকোনো দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন তিন দফায় ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল।