সিবিএন ডেস্ক:

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টা ১৫ মিনিটে কক্সবাজার শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তফা কামিল, সাবেক ডিন ও সাবেক চেয়ারম্যান, কুরআনিক সায়েন্স বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম; উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি আবদুল মাবুদ ও সাধারণ সম্পাদক আমানুল হক আমান; কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি; অ্যাডভোকেট আবদুল মান্নান, কক্সবাজার বার কাউন্সিলের সভাপতি; নুরুল ইসলাম হেলালী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি; অধ্যাপক আকতার চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কক্সবাজার সিটি কলেজ এবং কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের সামাজিকভাবে গ্রহণযোগ্য শিক্ষক, ইমাম, নারী প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে মোট ৫৩২ জন কমিউনিটি পুলিশিং সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করতে।

বক্তারা আরও বলেন, কক্সবাজার সদর মডেল থানার বর্তমান পুলিশ প্রশাসনের প্রতি তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।