জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল পৌরসভার জালিয়াপাড়া জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হোসেন ওরফে মোহাম্মদ (৪৬)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

র‌্যাব-১৫-এর মিডিয়া বিভাগের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।