আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০টি মালিকবিহীন বার্মিজ গরু জব্দ করা হয়েছে। রোববার (২০ জুলাই) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিচামারা এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি থানার রাত্রীকালীন মোবাইল টহলে থাকা উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল পরিচালনার সময় ভোর আনুমানিক ৩টার দিকে বিচামারা এলাকায় সন্দেহজনক অবস্থায় মালিকবিহীন ১০টি বার্মিজ গরু দেখতে পান। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলে গরুগুলোর কোনো মালিক বা দাবিদারকে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গরুগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি গরুগুলোর প্রকৃত মালিকানা এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার ফলে গবাদিপশু পাচারের বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “নিয়মিত রাত্রীকালীন টহলের অংশ হিসেবে পুলিশ বিচামারা এলাকা থেকে ১০টি মালিকবিহীন বার্মিজ গরু উদ্ধার করেছে। গরুগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলবে। বর্তমানে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।