শাহপরীরদ্বীপ বেড়িবাঁধে অজ্ঞাত মরদেহ উদ্ধার, নৌকাডুবিতে নিখোঁজ রোহিঙ্গার হতে পারে বলে ধারণা
মো. আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম বেড়িবাঁধ এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, মরদেহটি গত ৩১ জুলাই শাহপরীরদ্বীপ উপকূলে ডুবে যাওয়া রোহিঙ্গাবাহী নৌকার নিখোঁজ যাত্রীদের একজনের হতে পারে।
টেকনাফের শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া ৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন সমুদ্রতীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এসআই সনজীব বলেন, উদ্ধার হওয়া মরদেহের গায়ে কোনো কাপড় ছিল না। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটির পরিচয় শনাক্তে কার্যক্রম শুরু হয়েছে। কোনো স্বজন মরদেহটি শনাক্ত করতে আসেন কি না, সে বিষয়েও পুলিশ অপেক্ষা করছে।
স্থানীয়দের দাবি, মরদেহটি গত ৩১ জুলাই শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে প্রবেশের সময় ডুবে যাওয়া রোহিঙ্গাবাহী নৌকার নিখোঁজ যাত্রীদের একজনের হতে পারে। তবে উদ্ধার হওয়া মরদেহটি ওই নৌকাডুবির ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্ত এবং পরিচয় শনাক্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মরদেহের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহটির পরিচয় শনাক্তে কার্যক্রম চলছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করলেও এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন।
