সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদম উপজেলায় কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় আলীকদম পানবাজারে জেলা পরিষদ রেস্টহাউস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে মৌসুমি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেনিন চাকমা, বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিঠন দেবনাথ, আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম রিমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হচ্ছে।
তিনি জানান, প্রতিটি উপকারভোগীকে ১২২টি ফলজ ও ৫০টি বনজ গাছের চারা, অর্থাৎ মোট ১৭২টি চারা, পাশাপাশি প্রয়োজনীয় সার ও কীটনাশক প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, চারাগুলো সঠিক নিয়মে রোপণ ও পরিচর্যা করতে হবে। রোপণের ১০ থেকে ১৫ দিন পর উদ্যানতত্ত্ব বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে চারাগুলোর অগ্রগতি ও পরিচর্যা তদারকি করবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, বনজ সম্পদ বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
