প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন চকরিয়ার পুত্রবধূ ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এলিনা চৌধুরী। সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সোলিসিটর অনুবিভাগ থেকে জারিকৃত এক সরকারি প্রজ্ঞাপনে তাঁকে এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগেও তিনি একই পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, ব্যারিস্টার এলিনা চৌধুরী চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া লিটনের সহধর্মিণী। তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে কক্সবাজার ও চকরিয়ার আইনজীবী সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলে আনন্দের আমেজ বিরাজ করছে।
আইন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপন (স্মারক নং-০৯/সোলিসিটর/২০২৪(অংশ-১)-১১৯) সূত্রে জানা যায়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এরপর ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২’-এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের মোট ১৭৯ জন আইনজীবীকে নতুন করে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। এই ১৭৯ জনের তালিকাতেই স্থান করে নিয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান এলিনা চৌধুরী।
