সংবাদ বিজ্ঞপ্তি:
“একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে বুকে ধারণ করে আবারও মানবতার সেবায় এগিয়ে এসেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’। কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। বন্যায় ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে নতুন ঘর নির্মাণের লক্ষ্যে ২১৬টি ঢেউটিন উপহার দিয়েছে তারা।
সম্প্রতি বাঁধন, বিভাগীয় জোন-২ এর উদ্যোগে এবং বাঁধন কক্সবাজার সরকারি কলেজ ইউনিটের সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়।
জানা যায়, সংগঠনের স্বেচ্ছাসেবীরা চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বন্যাকবলিত ৩টি গ্রাম সরেজমিনে পরিদর্শন করেন। এরপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও অসহায় ৮টি পরিবারকে বাছাই করে তাদের নতুন ঘর নির্মাণের জন্য এই টিনগুলো হস্তান্তর করা হয়।
টিন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঁধন, বিভাগীয় জোন-২ এর উপদেষ্টা মাহবুবুর রহমান, ২০২৫ সেশনের সভাপতি আব্দুর রহমান রাহি, ২০২৬ সেশনের সভাপতি মো. মাহবুবুল আলম এবং সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ।
এছাড়াও বাঁধন কক্সবাজার সরকারি কলেজ ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন—সভাপতি আব্দুল হালিম বোখারী, কোষাধ্যক্ষ জোনাঈদ বোগদাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। অত্র এলাকার বেশ কয়েকজন স্থানীয় স্বেচ্ছাসেবীও এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকলের আন্তরিকতা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এই মানবিক কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে বাঁধন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি বাঁধন কক্সবাজার সরকারি কলেজ ইউনিটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
