এম. এ. আজিজ রাসেল, সিবিএন;
কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে জেলাজুড়ে চলছে চিরুনি অভিযান। এসব অভিযানে আইনের আওতায় আনা হচ্ছে চিহ্নিত ও দাগি অপরাধীদের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি।
সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, মাদককে কেন্দ্র করেই অধিকাংশ অপরাধ সংঘটিত হয়। তাই মাদক নিয়ন্ত্রণে পাড়া-মহল্লায় কমিটি গঠনসহ একাধিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা গেলে এর আগ্রাসন অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, স্বল্পসংখ্যক জনবল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। তাই জনবল বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এমপি লুৎফুর রহমান কাজল, এমপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।
