লামা (বান্দরবান) সংবাদদাতা:

থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল (রৌপ্য পদক) অর্জন করেছে বান্দরবানের লামা উপজেলার খুদে শিক্ষার্থী মানহা বিনতে মঈন উদ্দিন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে সে।

মানহা লামা উপজেলার নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের কন্যা।

জানা গেছে, ‘স্মার্ট ব্রেইন বাংলাদেশ’ আয়োজিত জাতীয় এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে সপ্তম স্থান অর্জন করে মানহা। জাতীয় পর্যায়ে এ সাফল্যের সুবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় সে।

পরবর্তীতে থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখে মানহা। প্রতিযোগিতায় তার এই অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

লামার বাসিন্দা মো. করিম উল্লাহ বলেন, এত ছোট বয়সে মানহা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য রৌপ্য পদক অর্জন করেছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার এই সাফল্য অন্য শিশুদেরও অনুপ্রাণিত করবে।”

আরেক বাসিন্দা রবিউল হাসান বলেন, “মানহার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, এটি লামাবাসীরও গর্ব। নিয়মিত অনুশীলন ও পরিবারের সহযোগিতা থাকলে আমাদের এলাকার শিশুরাও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।

স্থানীয়দের মতে, মানহার এই অর্জন লামার শিশু-কিশোরদের পড়াশোনা ও মেধা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে।

মানহার সাফল্যে তাকে ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, এবাকাস হলো গণনার একটি প্রাচীন পদ্ধতি, যা অনুশীলনের মাধ্যমে শিশুদের গণনাদক্ষতা ও মানসিক গণনার চর্চায় সহায়তা করে। মানহার আন্তর্জাতিক পর্যায়ে রৌপ্য পদক অর্জন লামা ও তার পরিবারের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।