সংবাদ বিজ্ঞপ্তি:
অলিকুল শিরোমণি বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের বায়তুশ শরফ কমপ্লেক্সে দুই দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল (ফাতেহা-এ-ইয়াজ দাহুম) অনুষ্ঠিত হচ্ছে।
আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মাহফিল উদযাপিত হবে।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক ও রওনকে মাহফিল হিসেবে উপস্থিত থাকবেন বায়তুশ শরফের রাহবার, পীর সাহেব ও সংগঠনের সভাপতি শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ.)। এতে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট ওলামায়ে কেরাম বয়ান করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত খতমে কোরআন, খতমে সূরা আনআম, খতমে খাজেগান, খতমে তাহলিল ও খতমে বুখারি। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে জিকির মাহফিল, কোরআন হেফজ সম্পন্ন হাফেজদের দস্তারবন্দী এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম ও বায়তুশ শরফের রাহবারের বয়ান।
২৬ সেপ্টেম্বর শনিবার ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ছালাতে তাহাজ্জুদ, এরপর ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত জিকির মাহফিল, তওবা-ইস্তিগফার, বায়াত, মিলাদ ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।
মাহফিল উপলক্ষে বায়তুশ শরফের রাহবার শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ.) বুধবার রাতে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে এসে পৌঁছান। পরে তিনি কমপ্লেক্স জামে মসজিদে সালাতুল ইশা আদায় করেন এবং মাহফিলের সার্বিক সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি মহান আল্লাহর রহমত কামনার পাশাপাশি দ্বীনদার মুসলমানদের সার্বিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
এদিকে মাহফিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ৩৩টি উপকমিটির কার্যক্রম তদারকি করছেন মাহফিল উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এম এম সিরাজুল ইসলাম। তিনি মাহফিলের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা জানান, দ্বীনি, ঈমানী ও রূহানী এ মাহফিলে অংশগ্রহণ করে তওবা-ইস্তিগফার, জিকির, বয়ান, মিলাদ ও মুনাজাতে শরিক হওয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের সুযোগ রয়েছে।
মাহফিলের বিষয়ে বিস্তারিত জানতে বায়তুশ শরফ কমপ্লেক্সের সম্পাদক মাওলানা নজরুল ইসলামের সঙ্গে ০১৮১৫-৫০৮৩২৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
বৃহষ্পতিবার বাদ মাগরিব বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদে মাহফিল বাস্তবায়নে চুড়ান্ত প্রস্তুতিসভা অনুষ্ঠিত হবে। এতে মাহফিল সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরুধ জানিয়েছেন মাহফিল উদযাপন কমিটির আহবায়ক ও শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম ও সদস্যসচিব মাওলানা নজরুল ইসলাম।
