সিবিএন ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য স্নাতক (পাস) ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা-২০২৫ উপলক্ষে কক্সবাজার সিটি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর লুৎফর রহমান।
রবিবার (২০ সেপ্টেম্বর) তিনি কক্সবাজার সিটি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষার সার্বিক পরিবেশ, কেন্দ্রের ব্যবস্থাপনা, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা গ্রহণের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কেন্দ্র পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পরীক্ষার শৃঙ্খলা ও গোপনীয়তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবগত হন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এসএম আকতার উদ্দিন চৌধুরী, প্রফেসর গোপাল কৃষ্ণ, শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক হাশেমুদ্দীন, সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ এসএম আকতার উদ্দিন চৌধুরী কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, পরীক্ষার পরিবেশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর লুৎফর রহমান কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রের পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা যথাযথ নিয়ম-শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে তিনি কেন্দ্রের দায়িত্বশীল শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষার সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
