পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মাদক কেনার সময় মোহাম্মদ খোকন (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ খোকন পেকুয়া সদর ইউনিয়নের বটতলীপাড়া এলাকার জাকের আহমদের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া পৌরসভার বাইম্যাখালী এলাকায় মাদক কেনার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া পৌরসভার বাইম্যাখালী এলাকা মাদক সেবন ও বিক্রির জন্য স্থানীয়দের কাছে পরিচিত।
স্থানীয়দের দাবি, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজম ইকবাল ও মো. বাচ্ছু মিয়ার নেতৃত্বে এলাকাবাসী মোহাম্মদ খোকনকে আটক করেন।
পরে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মোহাম্মদ খোকনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
