আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেছেন, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দল-মত ও সম্প্রদায় নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রথম সরকারি সফরে এসে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী সরকারি সফরে মন্ত্রী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা, মৎস্য পোনা অবমুক্ত ও বিতরণ কর্মসূচি, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সফরের শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন পার্বত্য মন্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকার সমস্যা, যোগাযোগব্যবস্থা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল করিম, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বলেন, নাইক্ষ্যংছড়ি একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী উপজেলা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
পরে উপজেলা কমপ্লেক্সে আয়োজিত মৎস্য পোনা অবমুক্ত ও বিতরণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। এ সময় স্থানীয় মৎস্যসম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের উৎসাহিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এরপর উপজেলা সদরের একটি বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন পার্বত্য মন্ত্রী। সেখানে পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও স্থানীয় জনগণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতা থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
সফরের শেষ পর্যায়ে রেস্ট হাউস চত্বরে স্থানীয় রাজনৈতিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে স্থানীয় নেতাকর্মীরা নাইক্ষ্যংছড়ির যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নসহ জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। মন্ত্রী এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, মুজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান কামাল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী, যুবদল নেতা আমিরুল কবির রাকিব, আনোয়ারুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচিতে মন্ত্রীর সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক নুরুল কাশেম ও সদস্যসচিব সাইফুদ্দিন বাহাদুর সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরীর নাইক্ষ্যংছড়ি সরকারি সফর শেষ হয়।
