আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাফর আলম বাবুল (৪৯) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাধঅং পাড়া এলাকার একটি বৌদ্ধ বিহারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহজনকভাবে অংকিয় চিং মার্মা নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।

নিহত জাফর আলম বাবুল লম্বাবিল এলাকার ওসমান গনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে বের হন জাফর আলম বাবুল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ছাধঅং পাড়া বৌদ্ধ বিহারের সামনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বৌদ্ধ বিহারের ভেতরে ধুমচাই মার্মার ছেলে অংকিয় চিং মার্মা অবস্থান করছিলেন। পরে তাঁকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর টহল রয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ ঘটনায় আইনগত ও তদন্তমূলক কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অংজাই উই চাক। তিনি স্থানীয়দের শান্ত থাকার এবং হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেন।