জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির বিশেষ টহল দল হ্নীলা সীমান্তের এইচ. কে. আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়।

রাত ১১টা ৪০ মিনিটের দিকে চারজন ব্যক্তিকে তিনটি বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।

একপর্যায়ে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ঘটনাস্থল থেকে তিনটি বস্তায় ভর্তি ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।