ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে রয়েল পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ভেকিনগর এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগতির রয়েল পরিবহনের স্লিপার কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে উল্টে যায়। ওই সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর পড়ে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি রেকার প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়কের মাঝপথে উল্টে পড়েছিল। এতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রেকারের মাধ্যমে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
