সিবিএন ডেস্ক;

সমুদ্রের ঢেউ পেরিয়ে এবার পাহাড়ের টানে কক্সবাজার বন্ধুসভার একদল তরুণ। বান্দরবানে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তাঁরা শুধু মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দনই জানাননি, গড়ে তুলেছেন পাহাড় ও সমুদ্রের দুই বন্ধুসভার মধ্যে নতুন এক সেতুবন্ধ। সংবর্ধনা শেষে দুই বন্ধুসভার দায়িত্বশীল ও উপদেষ্টাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সমন্বয় সভাও।

বান্দরবান বন্ধুসভার আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাহাড়ঘেরা শহর বান্দরবানে কক্সবাজারের বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা।

শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই অঞ্চলের বন্ধুসভার সদস্যদের মধ্যে আন্তরিক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠান শেষে বান্দরবান ও কক্সবাজার বন্ধুসভার উপদেষ্টা এবং দায়িত্বশীলদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে দুই অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বান্দরবানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে কক্সবাজার বন্ধুসভার সভাপতি আবদুল নবী বলেন, পাহাড় ও সমুদ্র—দুটিই পর্যটনের জন্য দিন দিন সমৃদ্ধ হচ্ছে। সমুদ্রের ঢেউয়ের কলতান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে সবাইকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।

আলোচনা সভায় প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানা বলেন, বান্দরবান বন্ধুসভার সঙ্গে সমন্বয় সভায় একত্র হওয়া দুই অঞ্চলের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পাহাড় ও সমুদ্রের এই ভ্রাতৃত্ববন্ধন তৈরি হলে সাংগঠনিক কার্যক্রম আরও সুন্দর ও গতিশীল হবে।

তিনি আরও বলেন, দুই অঞ্চলের বন্ধুসভার মধ্যে নিয়মিত যোগাযোগ ও যৌথ কার্যক্রম থাকলে তরুণদের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।

সমন্বয় সভায় প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান বন্ধুসভার সভাপতি বিশ্বজিৎ দাশ বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক মোসা. রুমানা আক্তার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রদীপ্ত বড়ুয়া, সদস্য শান্তা ইসলাম, মুনতাছির বিন তাছিব, তাফসীরুল ইসলাম, বীণাপানি চক্রবর্তী, হোসনে আরা শিরিন, রাজেশ দাশ ও মো. মঈনুদ্দিন রাজু উপস্থিত ছিলেন।

কক্সবাজার বন্ধুসভার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানা, সভাপতি আবদুল নবী, সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মারগোব মোর্শেদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল আমিন, পাঠচক্রবিষয়ক সম্পাদক আয়েশা ছিদ্দিকা তাসকেয়া এবং কার্যকরী সদস্য রাইসা ও আফ্রিদি কুদ্দুস ছোট।

একটি সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পাহাড়ে মিলেছিল সমুদ্রের মানুষ। মেধাবীদের সম্মান জানানোর সেই আয়োজন শেষ হয়েছে আরও বড় এক প্রত্যাশা নিয়ে—বান্দরবানের পাহাড় আর কক্সবাজারের সমুদ্রের মতোই দুই বন্ধুসভার বন্ধুত্ব ছড়িয়ে পড়বে আরও দূরে।