নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোহাম্মদ হারুন (ড্রাইভার) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা উত্তর-পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

এর আগে, ১৭ সেপ্টেম্বর মাগরিবের পর লোহাগাড়ার আধুনগর খাঁস মহাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য শওকত ওসমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।