আজিজুর রহমান রাজু :
কক্সবাজারের রামুর ঈদগড়ে সামাজিক ও মানবিক সংগঠন ‘সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ‘সৃজন স্কলারশিপ-২০২৬’।
স্কলারশিপ পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মেধাবৃত্তি, সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঈদগড় রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান হৃদয়, ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এম বেলাল উদ্দিন, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সৃজনের উপদেষ্টা ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আকতার আহমদ এবং সৃজনের প্রধান উপদেষ্টা ও ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সৃজন স্কলারশিপের পরীক্ষা নিয়ন্ত্রক ও সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মো. হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সৃজনের এমন উদ্যোগ প্রশংসনীয়। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব।
উল্লেখ্য, গত ৫ আগস্ট অনুষ্ঠিত সৃজন স্কলারশিপ-২০২৬ বৃত্তি পরীক্ষায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১২৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ১৭ জনকে বিশেষ বিবেচনায় বৃত্তি, ১৪ জনকে বিশেষ বৃত্তি এবং ৬ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।
পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে ল্যাপটপ পুরস্কার পেয়েছে ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ হাসান। সৌদি আরব প্রবাসী আমিন উল্লাহ রেজার অর্থায়নে তাকে এ ল্যাপটপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সৃজনের বার্ষিক সেরা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সৃজনের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সংগঠনের অর্থ সম্পাদক জাহেদ উল্লাহ জায়েদ এবং সৃজন বর্ষসেরা সদস্য হিসেবে মোহাম্মদ আব্দুল্লাহকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া সৃজন স্কলারশিপ আয়োজনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মীর কাশেম, জসিম উদ্দিন সাকিব, রবিউল ইসলাম, এস এম জয়নাল, আরিফ আজাদ ও ইব্রাহিম খলিল আফনানকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
সৃজন স্কলারশিপের সচিব ও প্রতিষ্ঠাতা অ্যাডমিন জাহিদুল ইসলাম, অ্যাডমিন শহিদুল ইসলাম সাঈয়েদ ও বক্তব্য রাখেন।
এসময় সৃজনের উপদেষ্টা মোহাম্মদ রুমেল, পরিচালনা পর্ষদের সদস্য নুরুল আবছার, শাহাব উদ্দিন ও ইসমাইল, মডারেটর মুবিনুল ইসলাম, আশেকুর রহমান রনি, এহসান হাবিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে অতিথি, সংবাদকর্মী, শিক্ষক ও উপস্থিত শিক্ষার্থীরা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৃজন স্কলারশিপের আহ্বায়ক ও উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানের শেষে সভাপতিত্বের বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের সহায়তা, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ সৃজনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সৃজনের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, বৃত্তি ও সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। এমন আয়োজনের মাধ্যমে নিজেদের মেধার স্বীকৃতি পাওয়ায় তারা সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঈদগড়ে সৃজন স্কলারশিপ পেল ১২৩ শিক্ষার্থী, ল্যাপটপ জিতলো হাসান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
