সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:

বান্দরবানের আলীকদমে দুর্গম পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আলীকদম সেনাজোনের উদ্যোগে মুরুং কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুরুং কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ফরহাদুর রহমান, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম ও মুরুং কল্যাণ ছাত্রাবাসের পরিচালক ইয়ংলক মুরুং। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পার্বত্য এলাকার পিছিয়ে পড়া ও দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং কম্পিউটার ব্যবহারে তাদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক ব্যবহারসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

একজন প্রশিক্ষণার্থী বলেন, “দুর্গম এলাকায় বসবাস করায় অনেক সময় আধুনিক প্রযুক্তি শেখার সুযোগ পাওয়া যায় না। সেনাজোনের উদ্যোগে এই প্রশিক্ষণের সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। এখান থেকে কম্পিউটারের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে ভবিষ্যতে পড়াশোনা ও কর্মজীবনে তা কাজে লাগাতে চাই।”

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন অপরিহার্য। বিশেষ করে পার্বত্য এলাকার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির যুগ। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমরা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি। আশা করছি, এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে পারব।”

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে এ কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।