জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৪ হাজার পিস ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে আটক করেছেন বিজিবির জওয়ানেরা। ইয়াবাসহ আটক পুলিশ সদস্যকে থানা-পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর মরিচ্যা যৌথ চেকপোস্টে কর্তব্যরত বিজিবির জওয়ানেরা কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইয়ামাহা মোটরসাইকেলে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেল থেকে ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোহাম্মদ আলী মুন্না সিকদার নামে এপিবিএনের এক কনস্টেবলকে হাতেনাতে আটক করা হয়।
ইয়াবাসহ আটক মোহাম্মদ আলী মুন্না সিকদার টেকনাফের হ্নীলার পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশর ও মমতাজ বেগমের ছেলে বলে জানা গেছে।
এ সময় তাঁর কাছ থেকে দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী বিজিবির নায়েব সুবেদার মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানিয়েছেন, বিজিবির হাতে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে ৭ সেপ্টেম্বর দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াবাসহ আটক মোহাম্মদ আলী মুন্না সিকদার ১৬ এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
