সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ;
সীমান্ত পাহারার পাশাপাশি দুর্গম সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকা সহায়তা দিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের আওতাধীন ৫৭ বিজিবির উদ্যোগে আলীকদম উপজেলার কচ্ছুরছড়া জবিরাম কারবারীপাড়া স্কুলে শিক্ষা কার্যক্রমের পরিবেশ উন্নয়নে সিমেন্ট সহায়তা দেওয়া হয়। পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে স্কুলের বেতন ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। দুর্গম এলাকার অসহায় কৃষকদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন ধরনের সবজির বীজও দেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কৃষকদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া অসহায় পরিবারের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। চলাচলে অক্ষম এক বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সহায়তার পাশাপাশি অসচ্ছল পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও জীবিকা সহায়তার মতো কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, জনসম্পৃক্ততা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে ৫৭ বিজিবি কাজ করছে। দুর্গম সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
