নিজস্ব প্রতিবেদক :

ভোক্তা-অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে কক্সবাজারে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়।

অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার লারপাড়া, টার্মিনাল ও কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় লারপাড়া এলাকায় ‘মায়ের দোয়া ফুচকা কারখানা’কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অপরাধে ২৫ হাজার টাকা এবং কলাতলী এলাকায় ‘ইউনুস স্টোর’কে নিত্যপ্রয়োজনীয় খোলা পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কোথাও ভোক্তা-অধিকার লঙ্ঘিত হলে সে বিষয়ে অধিদপ্তরকে তথ্য দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

অভিযান চলাকালে শুঁটকির দোকান, রেস্তোরাঁ, সেলুনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসব প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার করা হচ্ছে কি না এবং সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয় হচ্ছে কি না—এসব বিষয় নিবিড়ভাবে তদারকি করা হয়।

তদারকির সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয়।