সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের খরুলিয়া বাজার বণিক সমিতি ও বাজার পরিচালনা কমিটির উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খরুলিয়া বাজারে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফিক সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক নুরুল আজম খান।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও ৫ নং ঝিলংজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য আবদুর রশিদ, ব্যবসায়ী জয়াকের সওদাগর, আজিজ উল্লাহ সাওয়াব, এনাম সওদাগর, আনিসুল কবির, দিদারুল আলম সিকদার, সাবেক ছাত্রনেতা আয়াত উল্লাহসহ খরুলিয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের সদস্যরা।
সভায় বক্তারা খরুলিয়া বাজারের সার্বিক উন্নয়ন, সংস্কার ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও ড্রেন নির্মাণ, ময়লা-আবর্জনা সংরক্ষণের জন্য ডাস্টবিন স্থাপন, নারীদের জন্য নির্দিষ্ট যাত্রী ছাউনি নির্মাণ এবং বাজারের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়।
এসব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৫ নং ঝিলংজা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যদের সমন্বয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া খরুলিয়া বাজারের পল্লী ভান্ডার, খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, সংশ্লিষ্ট দোকান ব্যবসায়ী এবং বাজার পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় করে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। বিশেষ করে মসজিদে যাতায়াতের রাস্তা যথাযথভাবে সংরক্ষণ ও চলাচল উপযোগী রাখা এবং সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। সংগঠনের ব্যবসায়ী সদস্যদের স্বার্থ ও সংগঠনের নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সাধারণ সদস্যদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে নুরুল আজম খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা খরুলিয়া বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।