মো. আরাফাত সানি, টেকনাফ:
টেকনাফে র্যাব অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-১৫।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার পাড়া এলাকা থেকে এই বড় চালানটি জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক(ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি জানান- র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ পৌর শহরের শাপলা চত্ত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সাবরাং বাজার পাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুদ করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে আভিযানিক দলটি সাবরাং ইউপির ৪নং ওয়ার্ডের জনৈক মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠের ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তার উপর পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৮/১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি তাদের হাতে থাকা পুরাতন লুঙ্গির ৪টি পোটলা ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে পলাতক মাদক কারবারিদের ফেলে যাওয়া পোটলাগুলো থেকে মোট ৬ লক্ষ ১৯ হাজার ৬’শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান- উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।
