সিবিএন ডেস্ক;
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
নিহতরা হলেন—মাইক্রোবাসের যাত্রী মো. ফেরদৌস আলম (৫৫), মিপতা (১৭), চালক মুন্না (৪০) ও মো. হাসান (৩৮)। তারা সবাই কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মাইক্রোবাসযোগে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান শিকলবাহা কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী ফেরদৌস আলম ও মিপতার মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্না ও যাত্রী হাসানের মৃত্যু হয়।
এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি নূর আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ঘটনার প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
