নিজস্ব প্রতিবেদক:
দিন দিন সংকুচিত হয়ে আসছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা। বিশেষ করে শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের জায়গা দখল করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে শ্মশানের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
অভিযোগে জানা যায়, সম্প্রতি ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দখল করে বসতি স্থাপনের কাজ করছেন ডেজি সিকদার নামের এক নারী। তিনি রামু পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত বলে জানা গেছে। শ্মশানের জায়গা দখল করে বর্তমানে তিনি স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি শিমুল মল্লিক বলেন, ‘ইতোপূর্বে ডেজি সিকদার শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন। কিছুদিন কাজ বন্ধ রাখার পর সম্প্রতি আবারও সেখানে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। শ্মশানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে ডেজি সিকদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘কেউ শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে থাকলে এবং বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
