আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোহাম্মদ নূর নামে এক সিএনজি চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে ও সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে ঘুমধুম রেজুপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৪১ থেকে প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাতাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, সকাল সাড়ে ৭টার দিকে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালায় বিজিবি। এ সময় বিজিবি-১০৮৫ ডগ ‘জর্জ’-এর বিশেষ দক্ষতায় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজি চালক মোহাম্মদ নূরকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি ও একটি স্মার্টফোন জব্দ করেছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তি এবং উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা ও অন্যান্য মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।