মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে আইনজীবী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূইয়ার বিকৃত ছবিতে জুতা-স্যান্ডেল নিক্ষেপ ও বিদ্রূপাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এস.এম. গিয়াস উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূইয়া। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কক্সবাজার জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
আদালতে দাখিল করা নালিশি দরখাস্তে বলা হয়, গত ২ সেপ্টেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উখিয়া উপজেলা ও চকরিয়া উপজেলার মধ্যে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ নিয়ে এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়ার একটি সাক্ষাৎকার গণমাধ্যমে প্রচারিত হয়। ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূইয়া একটি মন্তব্য করেন। পরে মন্তব্যটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তিনি মন্তব্যটি ডিলিট করে অনুশোচনা প্রকাশ এবং ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন।
অভিযোগে আরও বলা হয়, এর পরদিন ৩ সেপ্টেম্বর সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে জাতীয় ছাত্র শক্তির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূইয়ার বিকৃত ছবিতে জুতা-স্যান্ডেল নিক্ষেপ এবং বিদ্রূপাত্মক বক্তব্য দেওয়া হয়। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বাদীর পক্ষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারা এবং দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৩ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল ও অ্যাডভোকেট জালাল উদ্দিন রনিকে সাক্ষী করা হয়েছে।
আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শেষে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
