নিজস্ব প্রতিবেদক;
চট্টগ্রাম নগরের চারটি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব প্রতিষ্ঠানে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে।
জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানা, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেড, উৎসব সুপার শপ এবং রিও ক্যাফে-মাজায়দার।
আদালত সূত্রে জানা গেছে, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানায় নিম্নমানের ঘি ব্যবহার, পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের চিত্রও পাওয়া যায়।
এ ছাড়া নোংরা ড্রেনেজ, অপরিচ্ছন্ন সরঞ্জাম, পোকাযুক্ত বাদাম এবং মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের মতো অনিয়ম শনাক্তের কথা জানিয়েছে আদালত।
এসব অনিয়মের ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে চিপস, নুডলস ও ম্যাংগো বারের মান নিয়ন্ত্রণে ঘাটতি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে।
অভিযানে তেলাপোকার বিচরণ, ম্যাংগো পাল্পের ড্রামে পোকামাকড়ের উপস্থিতি এবং পোড়া তেল ব্যবহারের বিষয়ও শনাক্ত করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ, আমদানিকৃত পণ্যে যথাযথ লেবেলিং না থাকা, নিবন্ধনবিহীন শিশুখাদ্য এবং অনুমতিবিহীন খাদ্য সম্পূরক বিক্রির মতো অনিয়ম পাওয়ার কথা জানিয়েছে আদালত।
এ ছাড়া একই সরঞ্জামে গরু ও খাসির মাংস প্রক্রিয়াকরণ এবং পণ্যের পুষ্টিতথ্য ঢেকে নিজস্ব স্টিকার ব্যবহারের প্রমাণ পাওয়ার কথাও জানানো হয়েছে।
এসব অনিয়মের ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, রিও ক্যাফে-মাজায়দারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও বিক্রি, পচা-বাসি খাবার সংরক্ষণ, কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং প্রয়োজনীয় নিবন্ধন ও সনদ ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বেশ কিছু গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। খাদ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যকর পরিবেশে মানসম্মত খাদ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেসব প্রতিষ্ঠানকে মানোন্নয়নের জন্য সময় দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে সেগুলোর কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে।
আদালত ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে আগামী ২২ সেপ্টেম্বর, মেরিডিয়ান ফুড প্রোডাক্টসকে ৬ সেপ্টেম্বর এবং উৎসব সুপার শপকে ৩০ আগস্ট সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
