আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

মাদকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১২ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মাদক পাচার, বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

পরে প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল ও সদস্য মো. তৈয়ব উল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।

সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পারিবারিক জীবনের পাশাপাশি সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।

বক্তারা আরও বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। মাদক পাচার, বিক্রি বা সেবনের বিষয়ে তথ্য পেলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

সন্তানদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে শিশু-কিশোর ও তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মাঈনুদ্দীন খালেদ, সাবেক আহ্বায়ক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবাদুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, অর্থ সম্পাদক মো. ইউনুস, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, সানজিদা আক্তার ও মো. তৈয়ব উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম হাবিবুর রহমান রনি, মো. শাহীন, আনোয়ার হোসেন, মো. শিহাব, নুরুল সিকদার, কফিল উদ্দিন, আজিজুল হক রানা, মাহমুদুল হাসান, আবু শামাসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় আয়োজকেরা জানান, মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।