ডেস্ক নিউজ:
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন, তার ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি, মালামাল লুট ও হত্যার হুমকির অভিযোগে আদালতে মামলা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন—আরিফ উদ্দিন (৩৭), শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)। এছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সে বাদীর একটি চারতলা ভবন রয়েছে। কিছুদিন ধরে আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিন তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে ভবন ও দোকান দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ৩ এপ্রিল রাতে আরমান ফোন করে আবারও চাঁদা দাবি করেন। ওই রাতেই আসামিরা ভবনের নিচতলায় ভাড়াটিয়ার আলমারির দোকানের তালা ভেঙে প্রায় ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা মূল্যের বিভিন্ন মালামাল নিয়ে যান। এ সময় ক্যাশ টেবিল থেকে নগদ এক লাখ ২০ হাজার টাকা নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
পরে গত ২০ আগস্ট বৈঠকের কথা বলে আসামিরা বাদীর ভবনে যান। সেখানে আরিফ উদ্দিন আবারও ২০ লাখ টাকা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে দোকান ও ঘরের দখল ছেড়ে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে আদিল বাদীকে হত্যার হুমকি দেন এবং কয়েকজন আসামি তাকে মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, বিষয়টি লোহাগাড়া থানাকে জানানো হলেও পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে আরমান উদ্দিন বর্তমানে দেশের বাইরে থাকায় মামলার অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগেও আরমান উদ্দিনের বিরুদ্ধে অপহরণ, চাঁদা দাবি এবং বালু ব্যবসা নিয়ন্ত্রণে প্রশাসনকে ‘ম্যানেজ’ করার অভিযোগ উঠেছিল। গত ১৮ আগস্ট ফাঁস হওয়া একটি ফোনালাপেও বালু ব্যবসা নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সমঝোতার কথোপকথন থাকার দাবি করা হয়।