পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও দেশটির প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জিন্নাহর একটি সাদাকালো ছবি প্রকাশ করে তাকে স্মরণ করা হয়। দিনটি ছিল জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী।

ইনকিলাব মঞ্চের পোস্টকার্ডে লেখা হয়, ‘উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।’

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। মন্তব্যের ঘরে অনেকে জিন্নাহকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেন।

সমালোচনার অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে জিন্নাহর ভাষানীতি ও পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি। ১৯৪৮ সালের মার্চে ঢাকায় দেওয়া বক্তব্যে জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার অবস্থান জানিয়েছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানে এ অবস্থানের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়, যা পরবর্তী সময়ে রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হয়ে ওঠে।

ফলে জিন্নাহকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের দেওয়া পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ঐতিহাসিক ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।