জসিম উদ্দিন টিপু, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
জানা গেছে, ৬ সেপ্টেম্বর (রোববার) দুপুরে উপজেলার হ্নীলা পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘খিরসা বি’ নামের একটি মিষ্টি তৈরির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে হ্নীলা স্টেশনের তিনটি সার ডিলার, মুদিদোকানি ও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারী টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, অতিরিক্ত মুনাফা করা এবং ওজনে কম দেওয়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধভাবে খাদ্যদ্রব্য তৈরি করা যাবে না। ভোক্তাদের ঠকানোর উদ্দেশ্যে ব্যবসায় কোনো ধরনের কৃত্রিমতা বা ছলচাতুরীর সুযোগ নেই।
তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে ইউএনওর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মিষ্টি তৈরির কারখানাকে জরিমানা এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহল নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
