সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন মো. হোসেন (২৮) ও মো. সোহেল (২৮)। তাঁরা পান বাজার এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, পান বাজার এলাকায় দুই যুবকের ইয়াবা সেবনের খবর পেয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম আলীকদম থানার টহল পুলিশের একটি দল নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় হোসেন ও সোহেলকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের কাছ থেকে জব্দ করা দুই পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহা জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।