সংবাদদাতা:
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকায় সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও রামু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল আলমের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় এক গৃহবধূ আহত হয়েছে।
মক্কা প্রবাসী ফরিদুল আলম জানান, মাইক্রোবাসযোগে প্রায় ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রশস্ত্র প্রদর্শন করে আলমারিতে রক্ষিত প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা এবং ৭ হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় বাড়িতে থাকা গৃহবধূসহ কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে বলেও অভিযোগ করেন ফরিদুল আলম। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এলে তারা দ্রুত মাইক্রোবাসযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সৌদি আরবের মক্কা প্রবাসী ব্যবসায়ী ফরিদুল আলম।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রবাসী ফরিদুল আলমের বাড়িতে ডাকাতির খবর পেয়ে খোঁজখবর নিয়েছেন লুৎফুর রহমান কাজল এমপি।
ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে আহবান জানিয়েছেন তিনি।