আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শিশু অপহরণ মামলায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের হেফাজত থেকে চার মাস পাঁচ দিন বয়সী অপহৃত শিশু মারুফা জান্নাত মাহিকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং ৪ নম্বর এজাহারনামীয় আসামি তৃষা মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশা (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের দিকনির্দেশনায় অপহৃত শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর একটি যৌথ দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কমিশনার গলির কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গত ৩১ আগস্ট রাত ১১টার দিকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশু মারুফা জান্নাত মাহিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশু মারুফা জান্নাত মাহি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছালামীপাড়া এলাকার মো. রশিদ উল্লাহ ও ইয়াছমিন আক্তারের সন্তান।

নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশ জানায়, গত ২৬ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় শিশু অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি নিজেদের পরিচয় ও ঠিকানা জানালেও শিশুটিকে কেন এবং কীভাবে তাদের হেফাজতে রাখা হয়েছিল, সে বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, শিশু অপহরণ মামলার এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।