সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
বান্দরবানের আলীকদমে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হাকিম (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকার ওই কিশোরীর সঙ্গে আব্দুল হাকিমের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে আব্দুল হাকিম বিভিন্ন সময় কিশোরীকে নিয়ে বাইরে ঘুরতে যেতেন। বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে কিশোরীকে শাসন করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় সাত-আট মাস আগে আব্দুল হাকিম কিশোরীকে নিয়ে চকরিয়ায় চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনেন।
এজাহারে বলা হয়, গত ৩১ জুলাই কিশোরীর মা তাঁর অসুস্থ ছোট ছেলেকে চিকিৎসার জন্য চকরিয়ায় নিয়ে যান। চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরে তিনি ঘরের ভেতর আব্দুল হাকিমকে কিশোরীর সঙ্গে দেখতে পান। পরে কিশোরীর কাছে বিষয়টি জানতে চাইলে সে অভিযোগ করে, বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুল হাকিম তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন।
ঘটনাটি জানাজানি হলে কিশোরীর পরিবারের পক্ষ থেকে আব্দুল হাকিমের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় তারা কিশোরীর সঙ্গে আব্দুল হাকিমের বিয়ে দেওয়ার আশ্বাস দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে পরদিন আব্দুল হাকিম কাউকে কিছু না জানিয়ে অন্যত্র চলে যান।
পরে তাঁর পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না হওয়ায় কিশোরীর মা আলীকদম থানায় লিখিত অভিযোগ করেন।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) উপন বড়ুয়া বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুল হাকিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-০৪, তারিখ-১৪/০৮/২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়েছে।
তিনি আরও জানান, বান্দরবানের লামা থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
