নাছির উদ্দিন সোহেল:

কক্সবাজারস্থ শাপলাপুর সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।

কক্সবাজার শহরের দি সী প্রিন্সেস হোটেলের হলরুমে আয়োজিত এ সাধারণ সভায় সমিতির সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সমিতির বিগত সময়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হুদা কাজল সভাপতি এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আব্দুল খালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক এবং আব্দুর রহিম অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদেও সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি শাপলাপুরের মানুষের কল্যাণে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তারা আরও বলেন, সমিতির কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক করতে সদস্যদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত নেতারা।

সভায় উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে কক্সবাজারস্থ শাপলাপুর সমিতি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। একই সঙ্গে শাপলাপুরবাসীর কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।