সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য এবং প্রবীণ নাগরিক অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছবিতে জুতার মালা দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।
​সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনার পটভূমি:
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি সাধারণ ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূঁইয়া অনলাইন চ্যানেল টেলিগ্রামে খেলাধুলা সংক্রান্ত একটি মন্তব্য করেন। বিষয়টি নিয়ে পরবর্তীতে ভুল বোঝাবুঝি তৈরি হলে উক্ত সিনিয়র আইনজীবী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং কেউ অনাকাঙ্ক্ষিত কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনাও করেন।
​অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তির নেত্রী জিনিয়া শারমিন রিয়া আইনজীবী সমিতিতে একটি আবেদন জানান। এ বিষয়ে বার সমিতির সভাপতি সংশ্লিষ্ট আইনজীবী, ছাত্রশক্তির নেত্রী ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত তা সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তির আশ্বাস দেন।
জেলা আইনজীবী সমিতির উদ্বেগ:
বিষয়টি যখন বার সমিতির মাধ্যমে নিষ্পত্তির প্রক্রিয়াধীন ও বিচারে ছিল, ঠিক সেই সময়ে জাতীয় ছাত্রশক্তির ব্যানারে আয়োজিত মানববন্ধনে আইনজীবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় এবং সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছবিতে জুতার মালা দেওয়ার মত অনভিপ্রেত ঘটনা ঘটানো হয়।
​সমিতি উল্লেখ করে, এ ঘটনার সাথে জড়িতদের কারো বয়সই ৩০ বছরের ওপরে নয় বলে ধারণা করা হচ্ছে। যেখানে একজন কনিষ্ঠ আইনজীবীর বয়সও সাধারণ ৩০ বছরের ওপরে থাকে, সেখানে বয়োজ্যেষ্ঠ একজন সিনিয়র আইনজীবীর ওপর এমন অপমানজনক আচরণ অত্যন্ত দুশ্চিন্তা ও আশঙ্কাজনক।
জেলা আইনজীবী সমিতির নিন্দা:
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, দেশে প্রচলিত আইন রয়েছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনজীবী সমিতির নেতৃবৃন্দ যেখানে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছিলেন, সেখানে আইন নিজের হাতে তুলে নিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো সম্পূর্ণ অনভিপ্রেত ও নিন্দনীয়।
​কক্সবাজার জেলা আইনজীবী সমিতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সকলকে “যার যা ইচ্ছা তা-ই করা যায়” এমন ধারণা থেকে বেরিয়ে এসে দেশের আইন ও প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে।