নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জানারঘোনা এলাকার ফুড গ্যালারি মিষ্টির কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ, খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা এবং মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, পরিমাণ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সুগন্ধা এলাকার সালমান বার্মিজ শপকে আচারের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও এমআরপি উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন ফলের দোকান, মুদি দোকান ও ফার্মেসিও তদারকি করা হয়। এসব প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয় হচ্ছে কি না—এসব বিষয়েও নিবিড়ভাবে তদারকি করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, ক্রেতা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অধিদপ্তরকে জানানোর জন্য তিনি আহ্বান জানান।

তদারকিকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়। অভিযানে সহায়তা করেন কক্সবাজার পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহিম।