নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসব সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল আল-মামুন জানান, ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সহায়তা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ৫৪ জন উপকারভোগীর প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন।

এ সময় ইউএনও মো. এনামুল হাসান বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য এসব সহায়তা দেওয়া হয়েছে। আপনারা ঢেউটিন ও অর্থ নিজ নিজ প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন।’ একই সঙ্গে তিনি দেশ ও সরকারের জন্য দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আল-মামুন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, ছাত্রনেতা ওছাইমং ছোট্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।