আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজীপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা, ১ লিটার বাংলা মদ, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পটকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৪৭ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজীপাড়া এলাকায় মো. হোছন (৫৭) নামে এক ব্যক্তির নিজস্ব মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা, ১ লিটার বাংলা মদ, ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত দুই রোল ফয়েল পেপার এবং ২৭টি পটকা (গোল ১৬টি ও লম্বা ১১টি) উদ্ধার করা হয়।

আটক মো. হোছন পূর্ব হাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. আমির হোছনের ছেলে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”