এম. মনছুর আলম, চকরিয়া;

চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ। তিনি কাশেম আলী সিকদারপাড়া এলাকার বাসিন্দা আলহাজ মিজবাহ উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে।

পেশাগত জীবনে অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ একজন অভিজ্ঞ, দক্ষ ও সুপরিচিত আইনজীবী। তিনি ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএল.বি.) ও স্নাতকোত্তর (এলএল.এম.) ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষে ২০১৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ঢাকা জজ আদালতে আইনপেশা শুরু করেন।

পরবর্তীতে নিজ এলাকার সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ন্যায়বিচার ও আইনগত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৮ সাল থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অধীন চকরিয়া চৌকি আদালতে সুনাম, সততা ও নিষ্ঠার সঙ্গে আইনপেশা পরিচালনা করে আসছেন। পেশাগত দক্ষতা, সততা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের মাধ্যমে তিনি বিচারপ্রার্থী মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

২০১৯ সালে তিনি দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

পেশাগত নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০২০–২০২১ মেয়াদে চকরিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪–২০২৫ মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং সমিতির বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আইনসেবায় দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক তিনি চকরিয়া চৌকি আদালতের স্পেশাল মেডিয়েটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এ দায়িত্বে তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কাজ করছেন।

আইনপেশার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।