পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সিঁধ কেটে এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ টাকা, সৌদি রিয়াল ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়িয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোশাররফ হোছাইন (৪৫) একই এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী।

পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একদল চোর সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা ৫ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা), নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পারেন।

ভুক্তভোগী মোশাররফ হোছাইন বলেন, “জীবিকার তাগিদে আমি সৌদি আরবে থাকি। প্রায় আড়াই মাস আগে ছুটিতে দেশে এসেছি। গত রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর চোরেরা সিঁধ কেটে ঘরে ঢুকে ৫ হাজার সৌদি রিয়াল, নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। আগামী ২৫ তারিখ আমার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা। এ ধরনের ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।